বর্ষাকাল হোক কিংবা গ্রীষ্ম—প্রায় সারা বছরই জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজারের লামা-আলীকদম সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে। সামান্য বৃষ্টি হলেই সড়কের ওই অংশে পানি জমে যায়। এতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পথচারী ও দোকানপাটে গিয়ে পড়ে। এতে প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার প্রতিকার চেয়ে আসলেও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসেরদীঘি থেকে লামা-আলীকদম পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক সংস্কারে প্রায় ২১ কোটি টাকার প্রকল্পের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। চলমান এই প্রকল্পের আওতায় ইয়াংছা বাজারের জলাবদ্ধতাপ্রবণ অংশটি সংস্কার করে উঁচু করার দাবি জানিয়েছিলেন বাজার সমিতির নেতারা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ওই অংশের কাজ তাদের নির্ধারিত সিডিউলে অন্তর্ভুক্ত নেই।
এ বিষয়ে ইয়াংছা বাজার সমিতির সভাপতি আবদুল হামিদ বলেন, হাসেরদীঘি থেকে লামা-আলীকদম পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম, বাজারের এই অংশটি একটু উঁচু করে সংস্কার করতে, যাতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। কিন্তু তারা জানিয়েছেন, নির্ধারিত সিডিউলের বাইরে কাজ করার সুযোগ নেই। তারপরও বাজারের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে বিষয়টি বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করেছি।
অন্যদিকে, ইয়াংছা বাজার সমিতির সাধারণ সম্পাদক আবু তালহা সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বে থাকা কর্মচারী চিংলু ওয়াংয়ের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ইয়াংছা বাজারের ওই অংশে তারা সংস্কারকাজ করবেন না। কারণ, এটি তাদের নির্ধারিত কাজের সিডিউলে অন্তর্ভুক্ত নেই।
এদিকে বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিনের এই জলাবদ্ধতার কারণে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়ে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে মানুষের গায়ে ও দোকানে পড়ছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়কেই ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তাদের প্রশ্ন, প্রায় ২১ কোটি টাকার একটি বড় সড়ক সংস্কার প্রকল্প বাস্তবায়নের সময় ইয়াংছা বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার জলাবদ্ধতাপ্রবণ অংশটি সংস্কারের আওতায় আনতে সমস্যা কোথায়? মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে কাজটি করা যেত বলে মনে করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি অংশ সংস্কারের আওতা থেকে বাদ পড়ায় চলমান উন্নয়নকাজের সুফল থেকে বঞ্চিত হবেন ইয়াংছা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তারা সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের দাবি, চলমান প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই বিষয়টি পুনর্বিবেচনা করে বাজারের ওই অংশটি উঁচু করা, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য যেন জনদুর্ভোগ কমানো হয়, সেই প্রত্যাশাই এখন ইয়াংছা বাজারবাসীর।






