পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সরদারপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পঞ্চগড় জেলার বোদা উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মদের স্থানটি সীমান্ত পিলার ৭৭৫/১২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। এলাকাটি বোদা উপজেলার পাঁচ নম্বর বড়শশী ইউনিয়নের শ্যামেরডাঙ্গা, ডাকঘর বগদুলঝুলা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। মাদক দেশের যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য বড় হুমকি। তাই মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের অবৈধ পণ্যের অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।






