‘ভবিষ্যৎ সবার: নারী-পুরুষের সমতা, মর্যাদা ও সম্মিলিত অগ্রযাত্রায় পুরুষের ইতিবাচক ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর ARC Initiative-এর আওতায় Global Fund for Children (GFC)-এর সহায়তায় কমিউনিটি লেড ইনিশিয়েটিভের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেঁচাকোলা কমিউনিটি ইয়ুথের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেডের প্রকল্প সমন্বয়ক মো. আশিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব প্রতিনিধি তামিম হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম মোল্লা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. চাঁদ আলী। এ ছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য, কমিউনিটি নেতা, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় ইতিবাচক পুরুষত্ব, নারী-পুরুষের সমতা, পারিবারিক দায়িত্বের সমবণ্টন এবং পরিবার ও সমাজে পুরুষ ও ছেলেদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষের সমান মর্যাদা, অধিকার এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। এ জন্য পুরুষদের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, নারীর প্রতি সম্মান প্রদর্শন, পারিবারিক দায়িত্ব পালনে সক্রিয় অংশগ্রহণ এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, পুরুষত্ব মানে আধিপত্য নয়; বরং দায়িত্বশীলতা, সহমর্মিতা, সম্মানবোধ ও মানবিক আচরণের মধ্য দিয়েই ইতিবাচক পুরুষত্বের বহিঃপ্রকাশ ঘটে। পরিবার ও সমাজে শান্তি, সম্প্রীতি এবং সমতা প্রতিষ্ঠায় নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধা, সমান মর্যাদা ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে একটি সচেতন, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।