সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের বিষয়ে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী জানান, নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ কারণে বিষয়টি নিয়ে প্রার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তাদের বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার কারণে কোনো প্রার্থীর নিয়োগপত্র পেতে সময় লাগতে পারে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিল। জেলা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।
শিক্ষামন্ত্রীর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি যাচাই করে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।
সূত্র: মানবকণ্ঠ





