জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী গবেষকদের উৎসাহিত করতে প্রথমবারের মতো ‘জেএনইউআরএইচএসএস স্টুডেন্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (জেএনইউআরএইচএসএস)। মানসম্মত গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ সাতজন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হবে।
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী এবং জেএনইউআরএইচএসএসের প্রতিষ্ঠাতা ও মডারেটর মাহমুদুল হাসান মিল্টনের পরিকল্পনা ও উদ্যোগে এ পুরস্কার চালু করা হয়েছে।
পুরস্কারের জন্য আবেদনকারীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। স্কোপাস ও ওয়েব অব সায়েন্সের (SCIE, SSCI/ESCI) ইনডেক্সভুক্ত Q1 র্যাংকড জার্নালে প্রথম লেখক হিসেবে প্রকাশিত মূল গবেষণা নিবন্ধ বিবেচনা করা হবে। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে সর্বোচ্চ সাতজনকে নির্বাচিত করা হবে।
নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী পাবেন সনদপত্র, ক্রেস্ট ও ৩ হাজার টাকা নগদ অর্থ।
জেএনইউআরএইচএসএসের সভাপতি মোর্শেদুর রহমান সুজন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর আগে এ ধরনের কোনো গবেষণা পুরস্কার চালু হয়নি। তরুণ শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করা এবং ক্যাম্পাসে গবেষণার সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রসুন দাস গুপ্ত বলেন, উদীয়মান গবেষকদের অর্জনকে সম্মান জানাতেই এ উদ্যোগ। তিনি যোগ্য শিক্ষার্থী গবেষকদের পুরস্কারের জন্য আবেদন করার আহ্বান জানান।
আগ্রহী গবেষক শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কভার লেটার, দুই পৃষ্ঠার সিভি এবং প্রকাশিত গবেষণাপত্রের কপি ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। আবেদন পাঠাতে হবে jnurhss@research.jnu.ac.bd ঠিকানায়।




