সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর পশ্চিমপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ভিত্রিখেল হাওর ৭ম প্রিমিয়ার লীগ-২০২৬-এর ফাইনালে ট্রাইব্রেকারে জাহিদ একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুলেমান একাদশ।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই অমীমাংসিত থাকায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে জাহিদ একাদশকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করে সুলেমান একাদশ।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান।
অনুষ্ঠানে পুরস্কারদাতা, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান কাওছার অডিও বক্তব্যের মাধ্যমে খেলোয়াড়, দর্শক ও আয়োজকদের শুভেচ্ছা জানান।
বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান তিনি।
মোস্তাফিজুর রহমান কাওছার আরও বলেন, ভিত্রিখেল হাওর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়ন ও তরুণদের উৎসাহিত করতে সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি জইন উদ্দিন, ভিত্রিখেল হাওর যুব সংঘের সভাপতি ফরিদ মিয়া ও সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মোহাম্মদ খান।
ফাইনালে চ্যাম্পিয়ন সুলেমান একাদশকে পুরস্কার হিসেবে একটি ছাগল এবং রানার্সআপ জাহিদ একাদশকে একটি ট্রফি প্রদান করা হয়।
ভিত্রিখেল হাওর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।




