সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের মূল ফটক থেকে মাত্র ২০ গজ দূরে কেন্দ্রীয় শহীদ মিনার। পাশেই জেলা পরিষদের ডাকবাংলো। ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই জাতীয় স্মারকের আশপাশেই এখন দেখা যাচ্ছে যত্রতত্র যানবাহন পার্কিং ও ময়লা-আবর্জনার স্তূপ। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শহীদ মিনারের সৌন্দর্য ও গাম্ভীর্যও ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

1000123155.png

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা পরিষদের ডাকবাংলোর প্রবেশপথ ও শহীদ মিনারের সীমানা-সংলগ্ন এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে অটোরিকশা, লেগুনা ও মালামাল পরিবহনের পিকআপ ভ্যান। কোথাও কোথাও যানবাহনের এমন ভিড় যে, দেখে মনে হয় এটি কোনো নির্ধারিত পার্কিং বা স্ট্যান্ড।

শুধু গাড়ির পার্কিং নয়, ডাকবাংলোর মূল ফটক ও শহীদ মিনারের পাশেই পড়ে থাকতে দেখা গেছে পচা ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের উচ্ছিষ্ট। দীর্ঘসময় এসব পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা ও সেখানে আসা দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসনের এত কাছাকাছি গুরুত্বপূর্ণ একটি স্থানে দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

স্থানীয় অনেক বাসিন্দারা বলেন, গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়—এটি ভাষা শহীদদের স্মৃতির সঙ্গে জড়িত একটি জাতীয় স্মারক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে এখানে সরকারি-বেসরকারি নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অথচ সেই স্মৃতিবিজড়িত স্থানের সামনেই ময়লার স্তূপ ও যানবাহনের জট তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক।

1000123246.jpg

পাশের ডাকবাংলোয় নিয়মিত সরকারি কর্মকর্তা ও অতিথিদের যাতায়াত রয়েছে। ফলে এর প্রবেশপথে যত্রতত্র যানবাহন রাখা ও ময়লা-আবর্জনা জমে থাকায় শুধু পরিবেশ নয়, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।


জনমনে প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়ে ?

শহীদ মিনার ও ডাকবাংলোর সামনের জায়গাটি কি নির্ধারিত পার্কিং এলাকা? সেখানে ময়লা ফেলার কোনো অনুমোদন আছে কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

তাদের আরও প্রশ্ন, উপজেলা প্রশাসনের প্রধান ফটক থেকে মাত্র কয়েক গজ দূরে এমন পরিস্থিতি তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসেনি, নাকি নজরে এসেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল দ্রুত শহীদ মিনার ও ডাকবাংলো-সংলগ্ন এলাকাকে ‘পার্কিং ও ময়লামুক্ত এলাকা’ ঘোষণা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অবৈধ পার্কিং উচ্ছেদ, ময়লা-আবর্জনা অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।