কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে দলীয় সভা করেছেন বলে দাবি করেছেন। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভার একটি ভিডিও সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি। তবে সভার স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জ পুলিশের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা। অন্যদিকে, সুনামগঞ্জ সীমান্তে এমন কোনো সভা হওয়ার তথ্য পায়নি বলে জানিয়েছে বিজিবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে একটি ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। এতে শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভার কথা উল্লেখ করে অতিথি হিসেবে রনজিত সরকারের নাম দেওয়া হয়। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে ব্যানার ধরে থাকা ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে দেখা গেছে। ভিডিওতে বক্তব্য দেওয়ার সময় রনজিত সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। পাশাপাশি আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

রনজিত সরকার সমকালকে জানান, সভা শেষে তিনি সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। তবে সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেননি। ভিডিওতে উপস্থিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও সভার স্থান নিশ্চিত করেননি। তবে রোববার সন্ধ্যায় সভায় উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। ওই সীমান্ত দিয়ে রনজিত সরকারের প্রবেশের সুযোগ নেই। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিদের সিলেট সীমান্তের কোনো একটি স্থানে জড়ো করে সভাটি করা হয়ে থাকতে পারে।

তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; বরং সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো একটি স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বলে জানান তিনি।

অন্যদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো সভা হওয়ার তথ্য পাওয়া যায়নি।

রনজিত সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এর মধ্যে কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে। তাঁর প্রকাশ করা ভিডিও ঘিরে এখন মূল প্রশ্ন—সভাটি আসলে বাংলাদেশের কোন সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হয়েছিল এবং কীভাবে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি।

সূত্র: সমকাল