মাদক, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সন্ত্রাস দমনের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নীলফামারীর নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, জনবান্ধব পুলিশিং এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে পুলিশ সুপার বলেছেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন। মাদক কারবার, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মো. মেনহাজুল আলম বলেন, জনগণের আস্থা অর্জন পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে জনস্বার্থসংশ্লিষ্ট অনেক সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, নীলফামারী জেলা পুলিশ গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে আগ্রহী। অপরাধ ও অনিয়মের তথ্য তুলে ধরার পাশাপাশি তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ পিপিএম-সেবাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, হাসান রাব্বি প্রধানসহ জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।






