রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফার্মগেট মেট্রো স্টেশন। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, বাসটিতে যাত্রী ছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করার সময় বাসটিতে কাউকে পাওয়া যায়নি।

এদিকে বাসে আগুন লাগার পরপরই নিরাপত্তার কারণে ফার্মগেট মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।

এক বার্তায় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: বাংলাবাজার পত্রিকা