বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতামূলক আলোচনা, র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’—এই বার্তাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’-এর উদ্যোগে এসব কর্মসূচি হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

আলোচনা পর্বে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় ব্যক্তিগত দায়িত্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পরে ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ক্যাম্পাস পরিষ্কার রাখতে এক দিনের কর্মসূচি যথেষ্ট নয়; এর জন্য নিয়মিত ও সমন্বিত উদ্যোগ দরকার। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়েও আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু কর্মচারীদের ওপর ছেড়ে দিলে হবে না। শিক্ষার্থীদের নিজেদের কক্ষ, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস তৈরি করতে হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গা পরিচ্ছন্ন রাখলে পুরো ক্যাম্পাসই সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠবে।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’—এই মানসিকতা সবার মধ্যে তৈরি করতে হবে। কর্মসূচির উদ্দেশ্য শুধু একটি দিনের পরিচ্ছন্নতা অভিযান নয়; বরং দীর্ঘমেয়াদে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা।

তিনি জানান, ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’ একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে জাতিসংঘ ২০ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।