রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজে একাদশ জেনারেল ও একাদশ বিএমটি শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথি ও শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

কলেজের অধ্যক্ষ কামাল হোসেন খানের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক ভবেন্দ্র নাথ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুজ্জামান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কলেজজীবন ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

বিশেষ অতিথি পরিচালনা কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান। বিদ্যুৎসাহী সদস্য ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ভালো ফলাফলের পাশাপাশি সততা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।

এ সময় শিক্ষক প্রতিনিধি মালেকা আক্তার, রঞ্জনা রানী গোস্বামী, আবু সালেহ্ মোঃ ওয়াজেদ আলী, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহ জালাল এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম. এ. রাজ্জাক বক্তব্য দেন।

ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহ জালাল নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ কামাল হোসেন খান বলেন, নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যতের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করবেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নাফিজা আনজুমান ঐশী। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মাহবুবুর রহমান (মানিক) নবীনদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।