জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে জবি শাখা ছাত্রদলের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১০০ জন নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন।

উপাচার্য বলেন, ‘ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত। রাকিব কোনো প্রটোকল মেইনটেইন করে না, কোনো বাইন্ডিংস মেইনটেইন করে না, কোনো আবেগ মেইনটেইন করে না—দলের জন্য পাগল। এটা ছাত্রদলের এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত।’

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে। কারও লক্ষ্য ভারত, কারও পাকিস্তান, আবার কারও চীন। তবে বাংলাদেশের মানুষের লক্ষ্য হওয়া উচিত দেশকে সামনে রেখে এগিয়ে যাওয়া। এ প্রসঙ্গে তিনি ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের কথা উল্লেখ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, আগামী দিনের বাংলাদেশ তাদের হাতেই গড়ে উঠবে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে হবে। তাঁর ভাষ্য, দেশপ্রেমের শিক্ষা ও দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার বিষয়টি নতুন প্রজন্মকে ধারণ করতে হবে।

উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর দাবি, গত ১৭-১৮ বছরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাস ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকারের নীতিনির্ধারক মহলে যোগাযোগ করে যাচ্ছেন। এসব উদ্যোগ নিয়ে কেউ যেন ‘ক্রেডিট রাজনীতি’ না করেন, সে বিষয়েও তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবও বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও উৎসাহ দিতে জবি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কনসার্টের আয়োজন করা হয়।