গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো দেওয়া হয়েছে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩৪ জন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯ জন শিক্ষক ও গবেষক রয়েছেন রসায়ন বিভাগের।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নির্বাচিত গবেষকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

রসায়ন বিভাগ থেকে সম্মাননাপ্রাপ্তরা হলেন—অধ্যাপক ড. সৈয়দ আলম, অধ্যাপক ড. মো. আমিনুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন, অধ্যাপক ড. এ. জে. সালেহ আহাম্মদ, অধ্যাপক ড. মুহাম্মদ রাজিবুল হক আকন্দ, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন রিপন, অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, ড. জগদীশ চন্দ্র সরকার এবং ইলিয়াস মাহমুদ।

একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ২৫ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হয়। ফলে মোট ৩৪ জন শিক্ষক ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। একসঙ্গে রসায়ন বিভাগের ৯ শিক্ষকের এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে বিভাগটির ভূমিকার বিষয়টি সামনে এনেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষাদান ও ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; নতুন জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি গবেষকদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি মৌলিক গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ দিতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত ও গর্বিত। গবেষণার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি রসায়ন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক-গবেষকদের আরও উৎসাহের সঙ্গে গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানান। পাশাপাশি তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল গবেষণায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, এই স্বীকৃতি রসায়ন বিভাগের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। এ অর্জন ভবিষ্যতে আন্তর্জাতিক মানের মৌলিক ও প্রয়োগমুখী গবেষণা পরিচালনায় বিভাগের শিক্ষক-গবেষকদের আরও অনুপ্রাণিত করবে.