রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর ফুটবল একাদশের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার বার্তা নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন নতুনচর ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন।

জার্সি বিতরণকালে খেলোয়াড়রা বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে। এ ধরনের উদ্যোগ খেলাধুলার প্রতি স্থানীয় তরুণদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলেও তাঁরা জানান।

নতুন জার্সি পেয়ে দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে মাঠের উন্নয়ন ও খেলোয়াড়দের প্রয়োজনীয় সহযোগিতায় স্থানীয়ভাবে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নতুনচর ফুটবল একাদশের পক্ষ থেকে জার্সি উপহার দেওয়ার জন্য রুবেল মাহমুদ সুমনের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন খেলোয়াড়রা।