রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তাঁর দাবি, দুর্বৃত্তরা তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। একই সঙ্গে অনুষ্ঠানের কয়েকটি স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে নিজের ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি। তিনি জানান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গাড়িতে উঠতে না পেরে তাঁকে অনুষ্ঠানস্থলের ব্যাকস্টেজে অবস্থান করতে হয়। পরে নিরাপত্তার জন্য গুলশান থানায় ফোন করেন তিনি।

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়।’ এ সময় সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি ঘটনার জন্য সংশ্লিষ্টদের দায়ী করেন।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে থাকার পরও তাঁকে বের হতে সহায়তা করতে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছে। তাহলে দেশের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্নও তোলেন তিনি।

পরীমনি বলেন, তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত ক্ষোভ থাকলে সরাসরি আলোচনার মাধ্যমে তা সমাধান করা উচিত। এভাবে অন্য শিল্পীদের হেনস্তা এবং অনুষ্ঠানের স্টল ভাঙচুরের দায় কে নেবে, সেই প্রশ্নও রাখেন তিনি।

পরে আরও কয়েকটি ফেসবুক লাইভ করেন পরীমনি। একটি লাইভে তাঁকে সাদা রঙের গাড়িতে উঠতে দেখা যায়। এ সময় সন্তানকে দ্রুত গাড়িতে নিয়ে আসার জন্য বলেন তিনি। পরে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। লাইভের দৃশ্যে পুলিশ সদস্যদেরও উপস্থিতি দেখা যায়।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’ তবে গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এমন কোনো ভাঙচুরের ঘটনা তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে তাঁর ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগও সামনে আসে।

পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল দাবি করেন, তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরীমনির কাছে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।