দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরিবর্তে প্রচলিত ব্যালট পদ্ধতিতে ভোট নেওয়া হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটের অন্তত ছয় সপ্তাহ আগে নির্বাচনী তপশিল ঘোষণা করা হবে।

ইসি সচিব জানান, আইনগত সময়সীমার পাশাপাশি আবহাওয়া, উপকূলীয় এলাকার পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি ও নির্বাচনী সরঞ্জাম ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে ধাপগুলো নির্ধারণ করা হয়েছে। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের অধিকাংশ নির্বাচন প্রথম দুই ধাপেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

একই উপজেলার সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে কিংবা নির্বাচনী সময়সীমার মধ্যে এলে সেগুলোতে একসঙ্গে ভোট আয়োজনের চিন্তা করছে কমিশন। এতে প্রশাসনিক ও নির্বাচনী ব্যবস্থাপনা সহজ হবে। তবে কয়েকটি ইউনিয়নে মামলা ও সীমানা-সংক্রান্ত জটিলতা থাকায় প্রাথমিক তালিকা মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের আশা করছে কমিশন।

নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। পাশাপাশি নির্বাচনী সরঞ্জামের মজুত পর্যালোচনা এবং তিন ধরনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারি বিজি প্রেস ও সিকিউরিটি প্রেসের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন।

এবারের ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়ে ইসি সচিব বলেন, বর্তমানে সংরক্ষিত ইভিএমগুলোর সংখ্যা ও অবস্থা যাচাই করা হচ্ছে। এসব যন্ত্র কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে কমিটির সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে ইভিএমের ব্যাটারির পরিবেশগত ঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

এদিকে ভবিষ্যতে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য আরও নির্ভুল করতে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় সংগৃহীত তথ্য নিয়ে ডাটাবেজ তৈরির বিষয়টি বিবেচনা করছে কমিশন। ছয় বছর বয়স থেকে শিশুদের তথ্য সংগ্রহ করে পরবর্তী সময়ে ভোটার নিবন্ধনের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে।

ভোটার নিবন্ধন ফরম ও সফটওয়্যারে পারিবারিক তথ্য বা ‘ফ্যামিলি ট্রি’ যুক্ত করার উদ্যোগও চলছে। এর মাধ্যমে একজন ব্যক্তির বাবা-মা, ভাই-বোন এবং পারিবারিক অবস্থানসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে।

এনআইডি সংশোধনের বিষয়ে ইসি সচিব আবেদনকারীদের সঠিক ও গ্রহণযোগ্য প্রমাণপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে যথাযথ নথি না থাকলে আবেদন বাতিল হতে পারে। বিশেষ করে বয়স ও জন্মতারিখ পরিবর্তনের আবেদনে আইনগত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্মার্টকার্ড না পেলেও প্রচলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বৈধতা রয়েছে বলে জানিয়েছেন তিনি। কার্ডের ১০ সংখ্যার নম্বর ব্যবহার করে নির্বাচন কমিশনের ডাটাবেজ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য যাচাই করা সম্ভব। তাই লেমিনেটেড এনআইডি ব্যবহারে কোনো সমস্যা নেই।