পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, জনগণ ও সচেতন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দেশের স্থিতিশীলতা নষ্টের কোনো চক্রান্তই সফল হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ এ কর্মসূচি আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন।
খন্দকার মুক্তাদির বলেন, দেশ যখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, তখন একটি চক্র শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অপতৎপরতা চালাচ্ছে। জনগণ ও সচেতন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে তাদের এই অপচেষ্টা সফল হবে না।
তিনি বলেন, সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নজরদারির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন শুল্ক বাধা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে যেকোনো গোষ্ঠীর সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকে রাজনৈতিকভাবে মোকাবিলার কথাও জানান তিনি।
সমাবেশে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকীসহ মহানগর ও জেলা বিএনপির নেতারা।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।





