জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকায় তাঁর নাম ও পদবি রয়েছে।

সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা ও কর্মী কাজ করছেন বলে জাতিসংঘের তথ্য থেকে জানা গেছে। তাঁদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।

লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের কাজ মূলত সভাপতির দপ্তরের আইনসংক্রান্ত বিষয়গুলোতে পরামর্শ ও সহায়তা দেওয়া। সাধারণ পরিষদের কার্যক্রম জাতিসংঘের সনদ, বিধি ও সংশ্লিষ্ট আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পর্যালোচনার কাজও তাঁর দায়িত্বের মধ্যে পড়বে।

সাধারণ পরিষদে আলোচিত বিভিন্ন প্রস্তাব, চুক্তি ও নীতিগত নথির আইনি দিক বিশ্লেষণ, প্রয়োজনীয় আইনগত মতামত তৈরি এবং দাপ্তরিক নথি প্রস্তুতেও তিনি যুক্ত থাকবেন। বিভিন্ন সদস্যরাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বা সমঝোতাসংক্রান্ত নথি পর্যালোচনা ও চূড়ান্ত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা থাকবে।

জাতিসংঘের প্রকাশিত জীবনীতে জাইমা রহমানকে ব্যারিস্টার ও আইন-নীতি বিষয়ে পেশাজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে। সুশাসন, জননীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার, শিক্ষা, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয় তাঁর পেশাগত আগ্রহের ক্ষেত্র হিসেবে উল্লেখ রয়েছে।

যুক্তরাজ্যে পড়াশোনা করা জাইমা রহমান কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরে দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল সনদ নেন। সংবিধানিক, করপোরেট ও সামাজিক কল্যাণসংক্রান্ত আইনি বিষয়ে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।