জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিশ্বনেতাদের সম্মানে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এতে অংশ নেন।
এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।
জাতিসংঘের এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী ৩৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে এটি জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ হবে।
নিউইয়র্ক সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।





