সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বড় ধরনের চোরাচালানি পণ্যের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রতাপপুর সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা মূল্যের ভারতীয় পেঁয়াজ, মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

অভিযানে ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল মদসহ বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের পেঁয়াজ উৎপাদন ভালো হওয়ায় অবৈধ ভারতীয় পেঁয়াজ প্রবেশ করলে স্থানীয় কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারেন বলেও জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। জব্দ করা পণ্যগুলোর বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।