সিলেটের বালাগঞ্জে একটি দুর্গাপূজার মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি বটি দা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বালাগঞ্জ সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল বলেন, শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে কোপান। পরে বিষয়টি জানতে পেরে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনার পর শিমুলকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
ওসি জানান, প্রতিমা ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিমুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছে পুলিশ।





