সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় স্থানীয় এক কিশোর বিস্কুট দেওয়ার কথা বলে তাকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
শিশুটির এক স্বজন জানান, ঘটনায় শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে আতঙ্কিত হয়ে পড়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।





