সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের পৃথক বিজ্ঞপ্তিতে দুই ইউনিটের নতুন নেতৃত্বের নাম জানানো হয়।
নতুন কমিটিতে সিলেট জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু। মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে মির্জা মোহাম্মদ সম্রাটকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
জেলা যুবদলের দায়িত্বে যারা
সিলেট জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
মহানগর যুবদলের দায়িত্বে যারা
মহানগর যুবদলের আংশিক কমিটিতে সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
নতুন দায়িত্ব পাওয়া নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও মির্জা মোহাম্মদ সম্রাট আগের কমিটিতে যথাক্রমে জেলা ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। আর মহানগর যুবদলের নতুন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এর আগে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এর আগে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে সিলেট জেলা যুবদলে মোমিনুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সময়ে মহানগর যুবদলে শাহনেওয়াজ বখত চৌধুরী সভাপতি এবং মির্জা মো. সম্রাট হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই সময় জেলা যুবদলের কমিটি ছিল ২৯১ সদস্যের এবং মহানগর যুবদলের কমিটি ছিল ৩০১ সদস্যের।





