সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকা থেকে পাথর আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি পাথরশ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭-এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ সদস্যরা।

আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টের কাছাকাছি পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ারসহ কয়েকজন শ্রমিক। একপর্যায়ে পাথর সংগ্রহের উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন বলে জানা গেছে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সে সেখানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। এ ঘটনায় তিনি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই বাংলাদেশি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছনাকান্দি পর্যটন স্পট এলাকায় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে এক পর্যটককে বিএসএফ সদস্যদের গালিগালাজের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিজিবি সদস্যরা একজন বিএসএফ সদস্যকে দুটি অস্ত্রসহ আটক করে হেফাজতে নেন। পরে ওই দিন রাত ৭টার দিকে ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ১২৬৩ নম্বর পিলার সংলগ্ন সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।