সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের সভায় দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা সেই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ওমর ফারুক। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট জেলা শাখার সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের নিজ গ্রাম লম্বাবাঁক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাতে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি সভার আয়োজন করেন। ওই সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার।
সভাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, রনজিত চন্দ্র সরকার বক্তব্য দেওয়ার সময় তাঁর পেছনের ডান পাশে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে রয়েছেন ওমর ফারুক। এরপর থেকেই তাঁর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, রাতারগুলের রিসোর্টে ওই সভা আয়োজনের ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানা পুলিশ বাদী হয়ে রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। এ ঘটনায় পরবর্তী সময়ে কয়েক দফায় অভিযান চালিয়ে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে পৃথক একটি মামলা দায়ের করে। ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার ওমর ফারুকও ওই মামলার এজাহারভুক্ত আসামি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার ভোরে জামালগঞ্জের লম্বাবাঁক গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামালগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।






