সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোয়াইনঘাট সদর থেকে লাখেরপাড় (আসামপাড়া) ও জাফলং এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
এ ছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি লিস্টার মেশিন এবং একটি লিস্টার মেশিনের বোর্ড অকার্যকর করে দেওয়া হয়। ঘটনাস্থলে অবৈধ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত দুটি তাঁবুও ভেঙে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তবে অভিযানের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মেশিনের মালিক, অর্থের জোগানদাতা এবং বালু উত্তোলন ও পরিবহনের নেপথ্যের ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।






