সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

​নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। সেখানে ১০ম শ্রেণি ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরে ৮ম শ্রেণি ফুটবল একাদশ।

​খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন ও যুবনেতা কুরবান আলীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলিম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক মোঃ আব্দুস শহিদ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ রমজান আলী।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সূর্যতরুণ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহরম গাজী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, মহসিন মিয়া, আমির হোসেন এবং বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মাজেদা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি ও রানার্স-আপ ১০ম শ্রেণি দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। গ্যালারিভরা দর্শক ও ক্রীড়ামোদীদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।