স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শুরুর আগে নভেম্বরের শুরুতে প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা করছে ইসি।

শুক্রবার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “এ মাসের ভেতরেই সুনির্দিষ্টভাবে বলতে পারব তফসিল; আর ভোট বার্ষিক পরীক্ষার আগে নভেম্বরের শুরুতে।”

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা ও ভোটকেন্দ্র চূড়ান্ত করার কাজ এগিয়েছে। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজও চলছে।

আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সেখানে কত ধাপে নির্বাচন হবে, প্রথম ধাপে কতটি ইউনিয়নে ভোট হবে এবং কোন কোন ইউনিয়ন থাকবে—এসব বিষয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

ইসি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে। কারণ দেশের অধিকাংশ ভোটকেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্দলীয় ভোটে সহিংসতা ঠেকাতে উদ্যোগ

এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা করছে ইসি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও দায়িত্বশীল পুলিশের কাছে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

সাড়ে চার হাজার ইউনিয়নে ভোট

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সিংহভাগ ইউনিয়নই নির্বাচন উপযোগী হয়েছে বলে জানিয়েছে ইসি। ২০২১ সালের এপ্রিল, নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাত ধাপে সর্বশেষ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গত ২৭ আগস্ট জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এ বছরের মধ্যেই যেসব ইউনিয়নের মেয়াদ শেষ হচ্ছে, সেগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম