চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। পুলিশের গাড়ি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হালিশহর থানা পুলিশের একটি টহল দল পিকআপ ভ্যানটি সড়কের পাশে রেখে জেলা পুলিশ লাইনের পাশের পুনাক ক্যান্টিনে খাবার খেতে যায়। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা গাড়িটি দেখতে পায়নি।
পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে পিকআপটির দরজা খুলে গাড়িতে ওঠেন। এরপর সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।
ঘটনার পরপরই গাড়ি উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, পুলিশের টহল গাড়িটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্যে, চুরির প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফইন্নীর হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে তদন্ত চলছিল বলে জানা গেছে।






