দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতির পর অবশেষে বাস্তবে রূপ নিতে শুরু করেছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল। এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের সংবাদ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলক ভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে সূচিত হলো পারমাণবিক যুগে বাংলাদেশের ঐতিহাসিক যাত্রা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মঙ্গলবার পরীক্ষামূলক ভাবে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গ্রিড সিনক্রোনাইজেশনের এ পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার অবদান রয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ সম্পর্কে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছে। প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম ও বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা সফল ভাবে সম্পন্ন হওয়ার ফলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই ঐতিহাসিক ধাপ অর্জন সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রূপপুর প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এবং দেশের সাধারণ মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পরবর্তী ধাপে পুনরায় ট্রায়াল অপারেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক ভাবে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।