মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। প্রতিযোগিতার পুরুষ ও নারী—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নীলফামারী সদর থানা কাবাডি দল।

1000125784.jpg

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নীলফামারী টেনিস কমপ্লেক্স মাঠে প্রতিযোগিতার সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে সৈয়দপুর থানা দল রানার্সআপ এবং নারী বিভাগে জলঢাকা থানা দল রানার্সআপ হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। খেলা উপভোগের পাশাপাশি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার চারটি পুরুষ ও চারটি নারী দল অংশ নেয়।

1000125749.jpg

আয়োজকদের ভাষ্য, তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত করার মাধ্যমে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্সও পর্যবেক্ষণ করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ.কে.এম. ওহিদুন্নবী, জেলা ক্রীড়া কর্মকর্তা, অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।