আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সারুটিয়া গ্রামে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাজেদুর রহমান ইদ্রিস। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে আয়োজিত এ বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তিনি।

বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয়রা এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রার্থী ইদ্রিস স্থানীয়দের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এসব বিষয়ে কাজ করার আশ্বাস দেন।

মুহাম্মদ সাজেদুর রহমান ইদ্রিস বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইসলামপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের উন্নয়নে কাজ করতে চান। সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের প্রয়োজন ও মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি এলাকায় কাজ করতে চান। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীরা সরাসরি সাধারণ মানুষের কাছে এসে তাদের কথা শোনার সুযোগ পাচ্ছেন। এতে এলাকার সমস্যা ও প্রত্যাশাগুলো প্রার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।