রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে মাছটি জালে আটকা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে প্রকাশ্য নিলামে মাছটি ৫২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।
জেলে সোনাই হালদার কয়েকজন সহযোগীকে নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে বিভিন্ন স্থানে জাল ফেলেন। আশানুরূপ মাছ না পাওয়ায় তারা পদ্মা ও যমুনার মোহনার দিকে যান। সেখানে জাল টেনে তোলার সময় বড় আকৃতির বাঘাইড়টি দেখতে পান। মাছটি আড়তে নেওয়ার পর ওজন করে ৩৩ কেজি পাওয়া যায়। বিশাল মাছটি দেখতে আড়তে ভিড় করেন উৎসুক মানুষ।
স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, তিনি উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মাছটি কেনেন। এতে মোট দাম পড়ে ৫২ হাজার ৮০০ টাকা। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মাছটি ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।
বাঘাইড় বাংলাদেশে সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। বন্যপ্রাণী সংরক্ষণসংক্রান্ত আইনে সংরক্ষিত বন্যপ্রাণী শিকার, কেনাবেচা, পরিবহন ও দখলে রাখার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তবে জেলের জালে ধরা পড়া এই বাঘাইড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কি না, তা জানা যায়নি।





