রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন সামনে রেখে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান বাবু মোল্লা। এরই অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাগগাড়ী এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠান বৈঠক করেছেন তিনি।

বাগগাড়ী নুরজাহান খলিল হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। নুরুর আহম্মেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী বাবু মোল্লা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইসমাইল হোসেন।

বৈঠকে স্থানীয় বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা ও প্রত্যাশা জানা জরুরি। ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হামিদুর রহমান বাবু মোল্লা বলেন, নির্বাচিত হলে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেবেন। শীতার্তদের গরম কাপড় দেওয়া, আর্থিক সংকটে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং অসহায় মানুষের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামে খেলাধুলার পরিবেশ তৈরি, যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মাজবাড়ী ইউনিয়নকে শান্তিপূর্ণ ও উন্নত হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোঃ আফজাম হোসেন চুন্নু, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মাজবাড়ী ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মোটনসহ স্থানীয় নেতাকর্মীরা।