সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নতুন এ দুই মৃত্যুর পর চলতি বছরে বিভাগটিতে সন্দেহজনক ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হাম ও রুবেলা পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত এক দিনে নতুন করে কারও শরীরে হাম নিশ্চিত হয়নি। তবে উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬১ জন। সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের হাসপাতালগুলোতে হাম সন্দেহে চিকিৎসা নিচ্ছে ৫৬৯ জন।
হাসপাতালভিত্তিক হিসাবে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ২১৫ জন রোগী ভর্তি রয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ১৭২ জন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন সন্দেহজনক রোগী ভর্তি আছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জের এবং অন্যজন সুনামগঞ্জের শাল্লা উপজেলার। হবিগঞ্জের শিশুটির বয়স পাঁচ মাস। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
সুনামগঞ্জের শিশুটির বয়স চার মাস ২২ দিন। শাল্লা উপজেলার এ শিশুটিও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছে। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর হিসাবে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৩, হবিগঞ্জে ২০, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৩ জন মারা গেছে। আর নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।





