জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা, কৌশলগত চিন্তাশক্তি ও কেস সলভিং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) আয়োজন করেছে আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকোয়েট অব এক্সিলেন্স ৩.০’। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের মডারেটর মো. শফিকুল ইসলাম, সভাপতি এ কে এম তামিম রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘ড্যাকোয়েট অব এক্সিলেন্স’ এমন একটি আয়োজন, যেখানে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশল, সৃজনশীলতা ও তীক্ষ্ণ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার সমন্বয় ঘটে। কেস সলভিংয়ের বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের প্রতিনিয়ত চিন্তা ও বিশ্লেষণ করতে হয়। এর মাধ্যমে তারা বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে পারে।

আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, ‘এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়। এর মাধ্যমে আমাদের ক্যাম্পাস এবং পুরান ঢাকার ঐতিহ্যকে সারাদেশের মানুষের কাছে তুলে ধরতে চাই। দিনব্যাপী এই আয়োজনে দেশের সেরা ব্যক্তিদের আমাদের ক্যাম্পাসে নিয়ে আসার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সবার কাছে নতুন করে তুলে ধরার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।’

আয়োজকরা জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এই কেস কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক সমস্যা বিশ্লেষণ, দলগতভাবে সিদ্ধান্ত গ্রহণ, সৃজনশীল সমাধান তৈরি এবং নিজেদের উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

প্রতিযোগিতাটির তৃতীয় আসর ‘ড্যাকোয়েট অব এক্সিলেন্স ৩.০’ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, প্রতিযোগিতামূলক দক্ষতা ও পেশাগত প্রস্তুতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।