সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ-সংক্রান্ত আদেশ জারি করে। এতে রাকিবুল হাসানকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে তাঁর প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে একজনকে পুলিশ কর্মকর্তা পরিচয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকার, প্রশাসন ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। একই অডিওতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং থানার ওসি পদায়ন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগও করা হয়।

পুলিশের একাধিক সূত্রের দাবি, অডিওতে থাকা কণ্ঠটি ওসি রাকিবুল হাসানের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তবে অডিওটির সত্যতা বা কণ্ঠ শনাক্তের বিষয়ে ডিএমপির আদেশে বিস্তারিত কিছু বলা হয়নি।

অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও মন্তব্য করা হয়। পাশাপাশি পুলিশের সক্ষমতা ও বিভিন্ন কর্মকর্তার ভূমিকা নিয়েও নানা বক্তব্য রয়েছে।

এ বিষয়ে ওসি মো. রাকিবুল হাসানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র: প্রথম আলো, ১৭ সেপ্টেম্বর ২০২৬ �

prothomalo.com