উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্তপথে ভারতে পাঠানোর প্রস্তুতির অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দালালের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের জাফলংয়ে আনা হয়। দুই নারীকে ভারতে বাসাবাড়িতে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবককে বিভিন্ন কোম্পানিতে ৩৫ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। পরে মিজান নামে এক ব্যক্তি তাদের নলজুরি বড়ইতলা গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। সেখান থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি চলছিল বলে পুলিশের দাবি।
গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় বাগেরহাট, খুলনা, নড়াইল ও ঢাকার সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে। এ ঘটনায় প্রচলিত আইনে মামলা হয়েছে এবং বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, উচ্চ বেতনের চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দালালদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অনুসন্ধান চলছে।





