সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২১৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. হারুন ওরফে সিকদার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ দিঘীরপাড় এলাকার ইটসলিং সড়কে এ অভিযান চালানো হয়। আটক হারুন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মো. সিরাজের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ফায়াজ উদ্দিন ও এএসআই প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ২১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হারুনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মদ ও পিকআপ থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





