নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য এবং এনসিপি-জামায়াতের কথিত অপপ্রচারের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান হেনার নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ধারাবারিষা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের নাশকতা ও রাজনৈতিক প্রতিপক্ষের কথিত অপপ্রচারের বিরুদ্ধে বক্তব্য দেন।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে সোচ্চার রয়েছে। একই সঙ্গে বিএনপি ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালানো হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে তারা জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন কাওছার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন চুনু, ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসান, ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য মো. লিটন ইসলাম এবং সমাজসেবক তানভীর রহমান বাচ্চু।
এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেন।





