মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ১৯০ পিস কথিত ইয়াবাসহ ছইদুল মিয়া (৫০) নামে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকায় পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-ভোলাগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মিত্রিমহল গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শাহাব উদ্দিন খাঁনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ছইদুল মিয়ার হেফাজত থেকে কালো রঙের বায়ুনিরোধক পলিব্যাগে রাখা ১৯০ পিস গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি মো. ওমর ফারুক বলেন, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ২৪(৯)২৬। গ্রেপ্তার ছইদুল মিয়াকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।





