বাইরে থেকে সাধারণ ধানের গোলা। দেখলে বোঝার উপায় নেই ভেতরে ধানের পরিবর্তে মজুত রয়েছে বিপুল পরিমাণ মাদক। রাতের আঁধারে পুলিশের অভিযানে সেই গোলা থেকেই উদ্ধার হলো ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল। এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রুস্তমপুর কলেজসংলগ্ন পাতনী এলাকায় বিপুল পরিমাণ মাদকের চালান মজুতের গোপন তথ্য পায় গোয়াইনঘাট থানা পুলিশ। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুটিনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে পুলিশের নজরে আসে বাড়ির ধানের গোলা। সেখানে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। পরে গণনা করে মোট ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পুলিশের দাবি, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। ধানের গোলার ভেতরে ফেন্সিডিল লুকিয়ে রেখে পার পাওয়ার যে কৌশল নেওয়া হয়েছিল, পুলিশের নজরদারিতে তা ব্যর্থ হয়েছে। মাদকের মূল উৎপাটনে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৮, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। গ্রেপ্তার কুটিনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।




