সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

কর্মশালায় গোয়াইনঘাট উপজেলায় ইএসডিওর চলমান বিভিন্ন কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, আগাম সতর্কতা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় জানানো হয়, বর্তমানে গোয়াইনঘাট উপজেলায় সংস্থাটির প্রায় ১২৮টি কার্যক্রম চলমান রয়েছে।

ইএসডিওর মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন বলেন, গোয়াইনঘাট উপজেলার দুটি ইউনিয়নকে কেন্দ্র করে সংস্থাটি বিশেষভাবে কার্যক্রম পরিচালনা করছে। ইউনিয়ন দুটি হলো—১ নম্বর রুস্তমপুর ইউনিয়ন ও ৪ নম্বর লেংগুরা ইউনিয়ন। তিনি জানান, ইএসডিও বর্তমানে দেশের ১৬টি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও ইএসডিওর কার্যক্রম রয়েছে। সেখানে প্রায় ৫৬০ জন কৃষককে নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্মশালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় বন্যা ও আকস্মিক বন্যা মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতার ওপর। এর মধ্যে রয়েছে আশ্রয়কেন্দ্র পরিচালনায় সহযোগিতা, বিপদগ্রস্ত মানুষের সহায়তা, বন্যার আগাম সতর্ক সংকেত প্রদান এবং মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগসংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া।

এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অভিযোগ বক্স স্থাপন এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও কর্মশালায় জানানো হয়।

কর্মশালায় কেয়ার জার্মানি, রাইমসসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সহযোগিতা এবং চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার এবং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন।

কর্মশালায় উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূইয়া, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. ইউনুস আলী, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আজিজুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকি, প্রতিষ্ঠা প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার মো. জাহিদুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রীতি রানী সরকার ও মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্টরা।