‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও ভিডিপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন।

এ সময় উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা কোম্পানি কমান্ডার শ্রীকান্ত বিশ্বাস, মহিলা কোম্পানি প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শতাধিক ঔষধি, ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, পরিবেশ সুরক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় উৎসাহিত করা হবে।

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান আয়োজকরা।