সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া দানবাক্সের অর্থ গণনার কাজ সন্ধ্যার দিকে শেষ হয়। বিষয়টি সন্ধ্যা ৬টার দিকে নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

জানা গেছে, ৩৪ দিন পর এবার মাজারের দানবাক্স খোলা হয়। গণনা শেষে নগদ অর্থের পাশাপাশি দেশি-বিদেশি মুদ্রা ও বিভিন্ন ধরনের ধাতব সামগ্রীও পাওয়া গেছে।

এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় পাওয়া যায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হওয়ায় মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এ সময় বিভিন্ন দেশের মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যও পাওয়া যায়।

সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। তখনও দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রূপার অলঙ্কার পাওয়া গিয়েছিল।

চতুর্থ দফায় পাওয়া ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা আগের দফাগুলোর তুলনায়ও বেশি।