নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১১জন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর)…নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ময়লালের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

আহতদের মধ্যে সাইফুলের পক্ষের সাইদুল (৫৪), রমিজুল (৩৮), রফিক (৪৫), হাকিম (৩৮) ও বাবুলাল (৩৯) রয়েছেন।

অন্য পক্ষের আহতরা হলেন ময়লাল (৫৫), সোহেল রানা (৩০), শরীফা (৪৫), সুলতান (৪০), জাহানারা (৪০) ও ডাবলু (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুল ও ময়লালের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে মামলাও চলমান রয়েছে।

শনিবার সকালে ময়লাল দখলে থাকা সড়কসংলগ্ন একটি জায়গায় বেড়া দেওয়ার কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে সাইফুল সেখানে গিয়ে বেড়া দিতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সাইফুলের দাবি, মামলা চলমান একটি জায়গায় ময়লাল দলবল নিয়ে বেড়া দেওয়ার কাজ করছিলেন। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে কাজ বন্ধ করতে বললে ময়লালের লোকজন তার ওপর হামলা চালায়। পরে তারা দলবল নিয়ে তার বাড়ির দিকে এলে প্রতিহত করার চেষ্টা করেন তারা।

অন্যদিকে আহত ময়লালের ছেলে সোহেল রানা বলেন, মামলায় রায় পাওয়া এবং তাদের দখলে থাকা জমিতে তার বাবা বেড়া দেওয়ার কাজ করছিলেন। এ সময় সাইফুল লোকজন নিয়ে তার বাবার ওপর হামলা করেন। খবর পেয়ে তিনি সেখানে গেলে সাইফুলের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।