সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাতভর গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ইয়াছিন মুন্সি (৩২), উপজেলা আওয়ামী লীগের সদস্য মদরিছ আলী সিকদার (৫৫), রুস্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মকলিছুর রহমান (৪৫) এবং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ (৪১)।

পুলিশ সূত্রে জানাযায় , গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩) এবং ১০ থেকে ১৪ ধারায় মামলা করা হয়। মামলার নম্বর ১১/৩৫০।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।