সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এস ইউ সাদ্দামসহ ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধার এবং মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন (৫০) ও জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (২৪)।

এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাম উদ্দিন (৪৮), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোম্পানি নামের একটি বেকারির দ্বিতীয় তলায় কয়েকজন নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন। পরদিন ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি সফল করার উদ্দেশ্যে তাঁরা সেখানে সমবেত হয়েছেন বলে পুলিশের কাছে তথ্য আসে।

পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও জাকারিয়া মাহমুদকে আটক করা হয়। এ সময় তাঁর দুই হাতে হাতকড়া পরিয়ে পুলিশের সরকারি পিকআপে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।

এজাহারে বলা হয়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হেমু সংলগ্ন করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের পিকআপের গতিরোধ করা হয়। পরে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বিএনপি নেতা এস ইউ সাদ্দামের নাম উল্লেখ রয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। এ ছাড়া মামলায় হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দাদের আসামি করা হয়েছে। ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদের নামও মামলার আসামির তালিকায় রয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন হেলাল উদ্দিন, আল মারজান, কবির, মামুন, শাহজাহান, বিল্লাল, অলি উল্লাহ, সোহেল আহমদ, আনোয়ার হোসেন, মতিউর রহমান, জহির উদ্দিন, নজরুল ইসলাম, ইয়াহিয়া মাহমুদ, আল আমিন, খালিক মহালদার, মামুনুর রশিদ, আমির মিয়া, রইছ, গিয়াস উদ্দিন, আলিম উদ্দিন, ওয়ারিছ আলী, জমির উদ্দিন, জিয়াউর রহমান, জালাল, বাবুল শিকদার, শামীম, তারিক উল্লাহ, মুমিন, আবুল, নাজিম, জাহাঙ্গীর, শাকিল আহমদ, জুয়েল আহমদ, শরীফ ও নজরুল ইসলামসহ অন্যরা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধার এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সূত্র: সিলেটভিউ২৪,