সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে উপস্থিত থাকার সূত্র ধরে সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক তারা মিয়া তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, রনজিত সরকারের ফেসবুকে প্রকাশিত ভাইরাল ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ ও মুঠোফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করে সকালে অভিযান চালানো হয়। পরে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওতে তাঁকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে কয়েকজন নেতা-কর্মীকে পাহারা দিতেও দেখা যায়। ওই ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি নজরে আসে।

ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই মধ্যে ভিডিওতে উপস্থিতির সূত্র ধরে তারা মিয়াকে আটকের ঘটনায় সুনামগঞ্জ ও সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।